back to top
Saturday, February 28, 2026
Homeআইন-আদালতবিচারের মুখোমুখি সালমান ও আনিসুল

বিচারের মুখোমুখি সালমান ও আনিসুল

জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক–এর বিচার শুরু হচ্ছে আজ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার–এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করবে। একই দিনে মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণেরও কথা রয়েছে।

বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ১২ জানুয়ারি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন এবং বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, আসামিদের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সশস্ত্র ক্যাডাররা রংপুরে মারণাস্ত্র ব্যবহার করে আবু সাঈদসহ চৌদ্দ শতাধিক ছাত্র-জনতাকে হত্যা এবং ইমরান হোসেনসহ ২৫ হাজারের বেশি মানুষকে গুরুতর আহত করে।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় সিফাত হাওলাদার হত্যাকাণ্ডসহ বহু ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী হামলার ঘটনায়ও দুই আসামির প্রত্যক্ষ ভূমিকা ছিল।

তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ জুলাই ২০২৪ মিরপুর–১০ এলাকায় আখতারুজ্জামানকে হত্যা এবং অসংখ্য ছাত্র-জনতাকে আহত করা হয়।

চতুর্থ অভিযোগে বলা হয়, ৪ আগস্ট ২০২৪ মিরপুর–২ ও মিরপুর–১০ এলাকায় ফারুক হোসেনসহ ১২ জনকে হত্যা এবং বহু মানুষকে গুরুতর আহত করা হয়।

পঞ্চম অভিযোগে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ২০২৪ মিরপুর–২, মিরপুর–১০ গোলচত্বর, মিরপুর–১৩ জুটপল্লি, মিরপুর–১৪ ও আশপাশের এলাকায় আল আমিন হোসেনসহ ১৬ জনকে হত্যা এবং বিপুলসংখ্যক ছাত্র-জনতাকে আহত করা হয়।

এই সব ঘটনায় আসামিদের বিরুদ্ধে যৌথ অপরাধে অংশগ্রহণ (Joint Criminal Enterprise) এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার (Superior Command Responsibility) অভিযোগ আনা হয়েছে।

ব্যক্তিগত দায়ের অংশে প্রসিকিউশন জানায়, জুলাই বিপ্লবের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাত্র-জনতার বিরুদ্ধে ২৮৬টি মামলা দায়ের করান, যেখানে প্রায় সাড়ে চার লাখ মানুষকে আসামি করা হয়। এর মাধ্যমে ছাত্র-জনতাকে দমন, নির্যাতন ও হত্যার প্রক্রিয়ায় তিনি সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়।

অন্যদিকে, সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২২ জুলাই ২০২৪ তিনি একদল ব্যবসায়ীকে নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের প্রতি সমর্থন জানানো হয় এবং শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করা হয়। প্রসিকিউশনের দাবি, এর মাধ্যমে সালমান এফ রহমান হত্যা, নির্যাতন ও নিপীড়নে উসকানি, প্ররোচনা ও সহায়তা প্রদান করেন।

ট্রাইব্যুনালে আজকের শুনানির মাধ্যমে এ মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সূচনা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত