সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রোম্যান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির নতুন পোস্টার, যেখানে ভিন্নধর্মী গ্ল্যামারাস অবতারে দেখা গেছে আলিয়াকে।
নতুন পোস্টারে রেট্রো ক্যাবারে শিল্পীর সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। চেয়ারে বসা আলিয়ার পরনে রয়েছে স্লিট স্কার্ট, মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং তীক্ষ্ণ দৃষ্টিতে পোস্টারটিতে ফুটে উঠেছে পুরোনো দিনের আমেজ।
আলিয়ার এই নতুন লুক প্রকাশের পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। ভক্তদের মধ্যেও পোস্টারটি ঘিরে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
পোস্টারটি প্রকাশ করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “আগ ভি, দিলোঁ কি জান ভি!” যার ভাবার্থ—‘আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও।’
এর আগে সিনেমাটি থেকে রণবীর কাপুরের চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার আলিয়ার লুক প্রকাশের মধ্য দিয়ে প্রচারণায় যোগ হয়েছে নতুন মাত্রা।
সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রচলিত পিরিয়ড ড্রামার বাইরে সমসাময়িক সময়কে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে। বানসালির সঙ্গে এটি আলিয়া ভাটের দ্বিতীয় কাজ। এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় নির্মাতার সঙ্গে কাজ করেছিলেন তিনি।
এ সিনেমায় বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে আবারও পর্দা ভাগ করছেন আলিয়া। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি।
প্রধান অভিনয়শিল্পীদের একে একে লুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচার কার্যক্রম এগিয়ে নিচ্ছেন নির্মাতারা। ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী ২১ জানুয়ারি ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।








