ইংল্যান্ডে ২০২৬ সালের ৩১ মার্চ থেকে গৃহস্থালির বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, দেশটির সব স্থানীয় কাউন্সিলকে কাঁচ, ধাতু, প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড এবং খাদ্যবর্জ্য আলাদা করে সংগ্রহের জন্য একীভূত ব্যবস্থা চালু করতে হবে।
নতুন নিয়ম কার্যকর হলে অধিকাংশ পরিবারকে তাদের বর্জ্য চারটি পৃথক ভাগে সংরক্ষণ করতে হবে।
বর্জ্য আলাদা করার চার ধারা
নতুন ব্যবস্থায় গৃহস্থালির বর্জ্য নিচের চারটি ভাগে রাখতে হবে—
- রিসাইকেল করা যায় না এমন সাধারণ বর্জ্য
- সাপ্তাহিক খাদ্যবর্জ্য
- কাগজ ও কার্ডবোর্ড (আলাদা করে)
- প্লাস্টিক, কাঁচ ও ধাতু জাতীয় শুকনো রিসাইক্লেবল
BBC Morning Live অনুষ্ঠানে সলিসিটর Gary Rycroft জানান, এই নিয়ম শুধুমাত্র ইংল্যান্ডের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। স্কটল্যান্ড, ওয়েলস বা নর্দার্ন আয়ারল্যান্ডে এ নিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।
অনুষ্ঠানের উপস্থাপক Gethin Jones মন্তব্য করেন, এতগুলো আলাদা বিন অনেক পরিবারের জন্য ঝামেলার কারণ হতে পারে। জবাবে রাইক্ৰফট বলেন, ইতোমধ্যে কিছু এলাকায় নতুন বিন বিতরণ শুরু হয়েছে। তবে ফুটপাথে বড় বড় বিন রাখার কারণে চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
£৪০০ জরিমানার বিষয়টি কী?
নতুন নিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে £৪০০ জরিমানার বিষয়টি নিয়ে আলোচনা হলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জরিমানার বিধান নতুন নয়। আগেও সঠিকভাবে বিন ব্যবহার না করলে শাস্তির ব্যবস্থা ছিল।
যেসব ক্ষেত্রে জরিমানা হতে পারে—
- বিন অতিরিক্ত ভরে ফেলা, যাতে পাখি বা প্রাণী বর্জ্য ছড়িয়ে দিতে পারে
- নির্ধারিত দিনের বাইরে বা দীর্ঘ সময় ফুটপাথে বিন রেখে দেওয়া
- নিষিদ্ধ জিনিস ভুল বিনে ফেলা
ভুলভাবে বর্জ্য আলাদা করলে ‘ফিক্সড পেনাল্টি নোটিস’ (Fixed Penalty Notice) ইস্যু করা হতে পারে, যার ফলে আর্থিক জরিমানার মুখে পড়তে পারেন বাসিন্দারা।
কোন জিনিসগুলো রিসাইক্লিং বিনে ফেলা যাবে না?
নতুন নিয়মের আওতায় কিছু জিনিস রিসাইক্লিং বিনে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ—
কাঁচ:
আয়না, লাইট বাল্ব, পাইরেক্স, পানির গ্লাস, জানালার কাঁচ
ধাতু:
কাটলারি, হাঁড়ি-পাতিল, কেটলি, রং বা অ্যান্টিফ্রিজযুক্ত এরোসল ক্যান
কাগজ/কার্ড:
টিস্যু, টয়লেট পেপার, ভেজা ওয়াইপস, ডায়াপার
খাদ্যবর্জ্য:
‘কম্পোস্টেবল’ বা ‘বায়োডিগ্রেডেবল’ লেখা কিছু প্যাকেট (যেমন কিছু কফি পড) — এগুলো সাধারণ বর্জ্যে ফেলতে হবে।
স্থানীয় কাউন্সিলগুলো বিন, ব্যাগ বা বক্সের ধরন নির্ধারণে কিছুটা স্বাধীনতা পাবে। তাই বাসিন্দাদের নিজ নিজ কাউন্সিলের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৭ থেকে নতুন বাধ্যবাধকতা
এছাড়া ২০২৭ সালের ৩১ মার্চ থেকে প্লাস্টিক ফিল্ম—যেমন ক্যারিয়ার ব্যাগ বা চিপসের প্যাকেট—আলাদাভাবে রিসাইকেল করাও বাধ্যতামূলক হবে। তবে ১০ জনের কম কর্মচারী থাকা ছোট ব্যবসাগুলো এই নিয়ম মানতে ২০২৭ সাল পর্যন্ত সময় পাবে।
সরকারের লক্ষ্য, সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা এবং রিসাইক্লিংয়ের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো।


