দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় আবারও উৎপাদন কার্যক্রম চালু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির ইউরিয়া উৎপাদন কার্যক্রম স্থবির ছিল। অবশেষে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হওয়ায় সোমবার মধ্যরাত ৩টা থেকে কারখানায় উৎপাদন চালু করা হয়।
যমুনা সার কারখানায় স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ কারখানাটির আওতাধীন ১৯টি জেলার কৃষকদের জন্য সরবরাহ করা হয়।
কারখানায় পুনরায় উৎপাদন শুরু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন জানান, বর্তমানে যে পরিমাণ গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের চাপ আরও বাড়ানো গেলে দৈনিক উৎপাদন প্রায় ১ হাজার ৩৫০ মেট্রিক টনে উন্নীত হতে পারে।
ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন বলেন, সোমবার রাত ৩টা থেকেই কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর উৎপাদন পুনরায় চালুর ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় দেশের বিভিন্ন অঞ্চলে ইউরিয়া সারের সরবরাহ আরও স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








