Homeজাতীয়বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার নিজ জেলা বগুড়া সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বগুড়া সফর।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। তার এই সফরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে রয়েছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গে উৎসবের আমেজ বিরাজ করছে। আজকের সফরের অন্যতম প্রধান আকর্ষণ হলো বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা। প্রায় দেড়শ বছরের পুরনো এই শহরকে দীর্ঘদিনের দাবির মুখে সিটি করপোরেশন হিসেবে রূপান্তর করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে যাবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং স্থানীয় চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে বাগবাড়ীতে একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ পর্যায়ে বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রিয় নেতাকে বরণ করে নিতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বিষয় ভিত্তিক সংবাদ
যোগাযোগspot_img

সর্বাধিক পঠিত