রাস্তায় বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার নজরদারি থেকে বাঁচতে অভিনব এক শার্ট তৈরি করেছেন ডিজাইনার সাইমন ওয়েকার্ট। বার্লিনে শুরু হওয়া একটি এআই ভিডিও নজরদারি প্রকল্পের প্রতিক্রিয়ায় তিনি এই বিশেষ পোশাকটি নকশা করেছেন। এর নাম দেওয়া হয়েছে ডিজিটাল ক্যামোফ্লাজ। এটি গায়ে জড়ালে স্বয়ংক্রিয় ক্যামেরা আপনাকে মানুষ হিসেবে আর শনাক্ত করতে পারবে না।
যেভাবে এটি কাজ করে এআই সিস্টেম মূলত জানে না একজন মানুষ দেখতে ঠিক কেমন হয়। এরা লাখ লাখ ছবি থেকে মানুষের আকৃতি এবং টেক্সচারের একটি পরিসংখ্যান তৈরি করে মানুষকে চিনে নেয়। সাইমনের তৈরি এই শার্টে উজ্জ্বল রঙ এবং বিশেষ ধরনের প্যাটার্নের এমন এক মিশ্রণ ব্যবহার করা হয়েছে যা এআই সিস্টেমকে বোকা বানিয়ে দেয়। শার্টের প্যাটার্ন শরীরের স্বাভাবিক রূপরেখাকে এমনভাবে ভেঙে দেয় যে ক্যামেরা সেখানে কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পায় না। সাধারণ মানুষের চোখে এটি একটি সাধারণ রঙিন শার্ট মনে হলেও মেশিনের কাছে এটি পুরোপুরি অদৃশ্য।
তৈরি হয়েছে এআই দিয়েই সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই শার্টের নকশা তৈরি করতেও এআইয়ের সাহায্য নেওয়া হয়েছে। ডিজাইনার ইয়োলো নামের একটি রিয়েল টাইম এআই অবজেক্ট ডিটেকশন সিস্টেম ব্যবহার করে বারবার পরীক্ষার মাধ্যমে এই নিখুঁত প্যাটার্ন চূড়ান্ত করেছেন। মেশিন ঠিক কোথায় ভুল করে তা কেবল একটি মেশিনই ভালো ধরতে পারে, আর সেই ধারণাকে কাজে লাগিয়েই এই অভিনব পোশাক তৈরি করা হয়েছে।
