১৯৯৯ সালের কথা। অস্ট্রেলিয়ার ট্রাকচালক বিল মরগান এক ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি প্রায় ১৪ মিনিটের জন্য ‘ক্লিনিক্যালি ডেড’ বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মৃত ছিলেন। প্যারামেডিকদের আপ্রাণ চেষ্টায় তাকে ফিরিয়ে আনা গেলেও তিনি চলে যান গভীর কোমায়। টানা ১২ দিন পর চিকিৎসকরা যখন তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার কথা ভাবছিলেন, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে তিনি জেগে ওঠেন। আশ্চর্যের বিষয় হলো, এত বড় ধাক্কার পরও তার মস্তিষ্কের কোনো ক্ষতিই হয়নি!
নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে তিনি তার ঝুঁকিপূর্ণ চাকরিটি ছেড়ে দেন, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এবং উদযাপনের অংশ হিসেবে একটি স্ক্র্যাচ-অফ লটারির টিকিট কেনেন। ভাগ্যদেবতা যেন তার দিকেই তাকিয়ে ছিলেন! সেই টিকিটে তিনি জিতে নেন প্রায় ১৭ হাজার ডলার মূল্যের একটি নতুন গাড়ি।
এই অবিশ্বাস্য সৌভাগ্যের খবর পেয়ে একটি স্থানীয় টিভি চ্যানেলের রিপোর্টিং টিম তার সাক্ষাৎকার নিতে আসে। তারা মরগানকে অনুরোধ করে ক্যামেরার সামনে লটারি জেতার মুহূর্তটি পুনরায় অভিনয় করে দেখাতে। মরগান হাসিমুখে আরেকটি টিকিট কিনে ক্যামেরার সামনে ঘষতে শুরু করেন। কিন্তু ঘষতে ঘষতেই হঠাৎ তিনি থমকে যান এবং ক্যামেরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলেন, “আমি ২ লাখ ৫০ হাজার ডলার জিতেছি! আমি কিন্তু মজা করছি না।”
অর্থাৎ, টিভিতে স্রেফ গাড়ি জেতার অভিনয় করে দেখাতে গিয়ে তিনি সত্যিই আড়াই লাখ ডলারের আরেকটি মেগা লটারি জিতে যান! একটি ভয়াবহ দুর্ঘটনা, ১৪ মিনিটের মৃত্যু, ১২ দিনের কোমা আর তারপর পরপর দুই লটারির জয়—বিল মরগানের এই অবিশ্বাস্য গল্প আজও পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা সৌভাগ্যের উদাহরণ হয়ে আছে।
তথ্যসূত্র: সিএনএন, ডেইলি মেইল এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম।








