আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু আনহেল ডি মারিয়া।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে মেসির। আর সেই ম্যাচটি মাঠে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে রোসারিও সেন্ট্রালের হয়ে খেলা ডি মারিয়া।
আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন ডি মারিয়া। তিনি জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে তাঁর ক্লাবের ম্যাচ রয়েছে। এরপর বুয়েনস আইরেসে থেকে পরদিন মনুমেন্টালে মেসির শেষ ম্যাচটি দেখতে চান তিনি।
ডি মারিয়ার ভাষায়, মেসির শেষ ম্যাচটি সামনে থেকে দেখার সুযোগ তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চান না। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসেই অবস্থান করে সরাসরি গ্যালারি থেকে মেসির বিদায়ী মুহূর্ত উপভোগ করবেন।
শুধু ম্যাচে উপস্থিত থাকার কথাই নয়, মেসিকে ছাড়া আর্জেন্টিনা দলকে দেখার অনুভূতি নিয়েও আবেগ প্রকাশ করেছেন ডি মারিয়া। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে মেসি আর্জেন্টিনা দল, দেশটির মানুষ এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের যে আনন্দ দিয়েছেন, তাঁর অনুপস্থিতি সহজে পূরণ হওয়ার নয়। তবে মেসির জাতীয় দলের শেষ দিনটিকে সবাই আনন্দ ও স্মৃতির সঙ্গে উদ্যাপন করবেন বলেও জানান তিনি।
মেসির এই বিশেষ ম্যাচকে ঘিরে জাতীয় দলের আরও কয়েকজন পরিচিত মুখের উপস্থিতিও নিশ্চিত হওয়ার কথা রয়েছে। পুরোনো সতীর্থ রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোও এই ম্যাচে থাকবেন। তিন ম্যাচের সিরিজে বেনিনের বিপক্ষে ম্যাচটিই মেসির অংশ নেওয়া একমাত্র ম্যাচ হতে যাচ্ছে।
এদিকে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও এই ঐতিহাসিক ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। পরিবারসহ তাদের মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এএফএ সভাপতি জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে বিশেষ এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা যেন মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের মুহূর্তটি সরাসরি উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে।








