শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার দিয়ে ফিফা-আসিয়ান কাপের গ্রুপ পর্ব শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল।
আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা। ধারাবাহিক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও পাল্টা আক্রমণ গড়ে তোলার সুযোগ পাচ্ছিল না বাংলাদেশ।
চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে মালয়েশিয়া। কর্নার থেকে পাওয়া বলে গোলমুখে নেওয়া শট কোনোমতে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
তবে মালয়েশিয়ার চাপ সামলানো সম্ভব হয়নি বেশিক্ষণ। ১৮ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী আরিফ আইমান। বাংলাদেশের শাকিল আহাদ তপু তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গোলরক্ষক শ্রাবণও ঠেকাতে পারেননি আইমানের শট। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।
প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ৩৮ মিনিটে শাকিল আহাদ তপুর ভুল পাস থেকে বল পেয়ে যান আরিফ আইমান। সুযোগটি কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মালয়েশিয়া।
বিরতির পর কিছুটা গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। আক্রমণে ওঠার প্রবণতা বাড়লেও মালয়েশিয়ার রক্ষণ ভাঙতে পারেনি তারা। বরং ৫২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মালয়েশিয়া। ডান দিক থেকে আসা বল নিয়ন্ত্রণ করে বাম পা থেকে ডান পায়ে নিয়ে শট নেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত মালয়েশিয়ান ফরোয়ার্ড বের্গসন গুস্তাভো। শটটি খুব জোরালো না হলেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ সেটি ঠেকাতে ব্যর্থ হন। স্কোরলাইন হয়ে যায় ৩-০।
এরপর গোল শোধের সবচেয়ে বড় সুযোগগুলোর একটি আসে ৭৬ মিনিটে। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন বাংলাদেশের হামজা চৌধুরী। সামনে তখন কেবল মালয়েশিয়ার গোলরক্ষক। কিন্তু হামজার প্রথম শট ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলে আবারও শট নেন বাংলাদেশের এই মিডফিল্ডার, সেটিও কর্নারের বিনিময়ে রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক।
শেষ দিকে বাংলাদেশ আরও কিছুটা আক্রমণের চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় থমাস ডুলির দলকে।
ফলে ফিফা-আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার দিয়ে অভিযান শুরু হলো বাংলাদেশের।








