রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে মিছিলটি শেষ হয়। এর আগে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়ে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল এলাকা অতিক্রম করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিলকারীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালায়। ধানমন্ডি থানা পুলিশ তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালানোর সময় মোহাম্মদপুর এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নির্দেশনায় মিছিলটি আয়োজন করা হয়। সাত মসজিদ রোড থেকে শুরু হওয়া মিছিলটি ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনার পর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।








