লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল সোমবার দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই দিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক শরীফ শিক্ষার্থীদের উপস্থিতিতে ফোনটি হাতুড়ি দিয়ে ভেঙে দেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে চুল কাটার বিষয়ে নির্দেশনার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে তা বিনষ্ট করা হবে বলে জানানো হয়। পরে নোটিশটি সব শিক্ষককে পড়ে শোনানো হয় এবং শিক্ষার্থীদেরও বিষয়টি জানানো হয়।
শিক্ষক শরীফ বলেন, ‘বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষেধ—এ বিষয়ে আগেই নোটিশ দেওয়া হয়েছে। এরপরও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাই নোটিশ অনুযায়ী ফোনটি প্রকাশ্যে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যাতে অন্য শিক্ষার্থীরা সতর্ক হয়।’
ফোন ভাঙার সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নেক্সটে (ভবিষ্যতে) ফোন আনতে চাইলে এইটার কথা চিন্তা কইরো।’
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখা এবং বিদ্যালয়ে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
