গত ২৬শে সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরে দেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা আমাদের একটি বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জনপ্রিয় ব্যক্তিত্ব হোক বা সাধারণ নাগরিক—আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা যেখানে হুমকির মুখে, সেখানে জনমনে তৈরি হওয়া উদ্বেগ কোনোভাবেই এড়ানো যায় না। স্টুডিওর মালিকের বরাতে জানা গেছে, কর্মীদের কোনো ক্ষতি না হলেও প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পেছনের কারণ হিসেবে জমির মালিকের কাছে চাঁদা দাবি এবং তা না পেয়ে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অন্যদিকে, ঘটনাস্থল থেকে দুজনকে ছোরাসহ আটক করা ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাটিকে জমি দখল সংক্রান্ত বিরোধ হিসেবে প্রাথমিক তদন্তে উল্লেখ করেছে।