বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দুর্গম পার্বত্য এলাকার জনসাধারণকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিনা মূল্যে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।
এই কার্যক্রমের আওতায় সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মোট ৮৬১ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় পরামর্শ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই চিকিৎসাসেবা কার্যক্রমের মাধ্যমে উপকৃত হন। বিশেষ করে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত-দুর্গম এলাকার রোগীদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এর ফলে যোগাযোগসহ ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার জনসাধারণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ তুলনামূলকভাবে কঠিন, তাঁদের জন্য প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবাসহ পরামর্শ গ্রহণের সুযোগ সহজ হয়।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তাসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধারা অব্যাহত থাকবে।
