ইসরাইলি ‘আগ্রাসন ও যুদ্ধংদেহী তৎপরতা’ ঠেকাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরো সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তাদের আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি এবং ইসরাইলের কর্মকাণ্ড মোকাবিলায় সমন্বয়ের প্রয়োজনীয়তা উঠে আসে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাগচি লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে লেবাননের ‘প্রতিরোধের’ প্রতি ইরানের পূর্ণ সমর্থনের কথাও জানান তিনি।
জবাবে বেরি ইরানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি দক্ষিণ লেবাননের পরিস্থিতি সম্পর্কে আরাগচিকে অবহিত করেন।
বেরি বলেন, ইসরাইলের ‘লঙ্ঘন’ বন্ধ করা এবং এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি দেশগুলোর ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।
