স্প্যানিশ ফুটবলে এবার মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। বেশ কিছুদিন ধরেই স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে কেনার প্রক্রিয়া চলছিল। সেই প্রক্রিয়া এবার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা এখন এলদেনসের মালিকানা নিয়েছেন।
এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মালিকানায় ক্লাবটি এক শতাব্দীরও বেশি সময়ের ইতিহাসে নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ক্লাবটির ভাষ্য, বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত ব্যক্তিত্বের স্প্যানিশ পেশাদার ফুটবলে বিনিয়োগ দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনার সূচনা করেছে। এর মাধ্যমে এলদেনসের খেলাধুলা, সাংগঠনিক কাঠামো ও সামাজিক কার্যক্রমে উন্নয়ন ঘটানোর লক্ষ্য রয়েছে।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডে ফুটবল ক্লাবের মালিকানাও রয়েছে এই গ্রুপের। তবে মেসির সঙ্গে সম্পন্ন হওয়া চুক্তিটি কার্যকর হওয়ার জন্য এখনো স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন।
এলদেনস নিয়ে মেসির স্প্যানিশ ফুটবলে ক্লাব মালিকানার সংখ্যা দাঁড়াল দুইয়ে। এর আগে চলতি বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানা কিনেছিলেন তিনি। তবে কর্নেয়া এখনো আধা-পেশাদার পর্যায়ের দল।
এলদেনসের মালিকানা নেওয়ার মাধ্যমে মেসি প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবে বিনিয়োগ করলেন। দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান থাকায় আপাতত একই প্রতিযোগিতায় তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে একই মালিকের অধীনে দুটি দল থাকলে সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে।
কারণ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, একই শেয়ারহোল্ডারের নিয়ন্ত্রণাধীন দুটি ক্লাবকে একই বিভাগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি সাধারণত দেওয়া হয় না। ফলে ভবিষ্যতে কর্নেয়ার সঙ্গে মেসির মালিকানা সম্পর্ক কীভাবে পরিচালিত হবে, সেটিও নজরে থাকবে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে স্পেনের এলদা শহরের ক্লাব। দীর্ঘ সময় ধরে দলটি দেশটির শীর্ষ দুই বিভাগের বাইরে খেলেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয় তারা। তবে সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৫ সালে অবনমনের পর বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে ক্লাবটি।
এলদেনসে নিজেদের হোম ম্যাচ আয়োজন করে এলদা শহরের ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে।




