কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় তাদের আটক করা হয়। পরে শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০) এবং বিএনপি সমর্থক মেহেরুল ইসলাম (৪৫) ও শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় যান। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করতে থাকেন এবং তাকে মুক্তি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও ওই ব্যক্তিরা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার পুলিশের কাছে তদবির করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।








