পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, এ সময় আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক চারজনকে সকালে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে মো. হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার মো. জাহেল মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন (১৫) ও তাঁর ১৩ বছর বয়সী ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার মো. জজ মিয়ার ছেলে মো. শিপন মিয়া (১৯)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবির শারিয়ালজোত বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় শারিয়ালজোত ফরেস্টের ভেতর দিয়ে সাতজন বাংলাদেশি তরুণ সীমান্তের মেইন পিলার ৪৪০-এর ২৫ নম্বর সাবপিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। একপর্যায়ে চারজনকে আটক করা সম্ভব হলেও অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চারজনকে আটক করা হয়েছে এবং তিনজন পালিয়ে গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, বিজিবি চার তরুণকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।








