back to top
Friday, February 27, 2026
Homeসারাদেশঝিকরগাছায় স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মধুমতি ব্যাংক

ঝিকরগাছায় স্কুল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মধুমতি ব্যাংক

ঝিকরগাছায় শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তোলা এবং স্কুল ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সফল স্কুল ভিজিটিং কার্যক্রম সম্পন্ন করেছে মধুমতি ব্যাংক পিএলসি, ঝিকরগাছা শাখা

এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটির কর্মকর্তারা ঝিকরগাছার পারবাজার হাইস্কুল পরিদর্শন করেন। স্কুলে উপস্থিত থেকে তারা শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিংয়ের গুরুত্ব, সুবিধা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি শিক্ষার্থীরা স্কুল ব্যাংকিং সংক্রান্ত যে সব প্রশ্ন উত্থাপন করে, সেগুলোর সহজ ও বাস্তবভিত্তিক উত্তর দেন ব্যাংক কর্মকর্তারা।

ব্যাংক কর্মকর্তারা শিক্ষার্থীদের জানান, স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে, যা ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, স্কুল ব্যাংকিং শুধু টাকা জমা রাখার মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের অর্থ ব্যবস্থাপনা শেখার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

বিদ্যালয় কর্তৃপক্ষ মধুমতি ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জনে সহায়তা করে এবং আর্থিক শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী, স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ভবিষ্যতে দায়িত্বশীল আর্থিক নাগরিক তৈরি করাই এর মূল লক্ষ্য। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সকল তফসিলি ব্যাংক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য স্বল্প বা শূন্য খরচে স্কুল ব্যাংকিং হিসাব চালু করতে পারবে এবং এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স উপযোগী ও সহজ শর্তে হিসাব পরিচালনার সুবিধা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে স্কুল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও তদারকির ওপর গুরুত্বারোপ করে আসছে, যাতে দেশের শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত হতে পারে।

— আমারদেশ নিউজ, ঝিকরগাছা প্রতিনিধি।

বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত