কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়ণপুরে ইউনিয়নে হরিনারায়ণপুর ফুটবল অ্যাসোসিয়েশনের (HFA) আয়োজনে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে হরিনারায়ণপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন আনন্দ টিভির এজিএম মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কোর্টের পিপি শামীম উল হাসান অপু, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান স্বাধীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম জোয়ার্দ্দার, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক এবং হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক।
ফাইনাল ম্যাচকে ঘিরে বিকেল থেকেই হরিনারায়ণপুর হাইস্কুল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলায় আমবাড়িয়া টাইগার ক্লাব, খোকসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ভায়না সেভেন স্টার ক্লাব।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।








